২ ম্যাচ হাতে রেখেই রাবেয়া-নিগারদের সিরিজ জয়
কলম্বোর পি. সারা ওভালে প্রথম দুই টি-টোয়েন্টি অনায়াসে জিতেছিল বাংলাদেশ নারী ‘এ’ দল। কলম্বোর আরেক মাঠ সিংহলিজ স্পোর্টস ক্লাবে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে দারুণ লড়াই করেছে শ্রীলঙ্কার মেয়েরা। ম্যাচটা শেষ পর্যন্ত ১০ রানে জিতেছে বাংলাদেশের মেয়েরা। এ জয়ে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিলেন নিগার-নাহিদা-রাবেয়ারা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ নারী ‘এ’ দল ৯ উইকেট হারিয়ে করে ৯৭ রান। তবে ব্যাটারদের ব্যর্থতার দিনে দায়িত্ব নিয়েছেন বোলাররা। মারুফা-নাহিদা-রাবেয়াদের নিয়ন্ত্রিত বোলিংয়ে লঙ্কান মেয়েরা ৮ উইকেট হারিয়ে তুলতে পারে ৮৭ রান।
নামে ‘এ’ দল হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে জাতীয় দলের খেলোয়াড়দেরই শ্রীলঙ্কায় পাঠিয়েছে বিসিবি। রাবেয়া খানের নেতৃত্বাধীন দলটা টি-টোয়েন্টির আগে ৫০ ওভারের সিরিজও জিতেছে।
পাঁচে নামা রিতু মনি অপরাজিত ২৫ রানের ইনিংসটি না খেলে অনেক আগেই হয়তো গুটিয়ে যেত বাংলাদেশ। ৫৪/২ থেকে ৮৬/৮—নিগার-ফাহিমাদের ব্যাটিং ব্যর্থতায় যে ৩২ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে বসে সফরকারীরা।

Comments